
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া (খুলনা)
ডুমুরিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৭০০ কেজি উচ্চ ফলনশীল ধৈঞ্চা বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ১৪টি ইউনিয়নের কৃষকের মাঝে ৫ কেজি করে ধৈঞ্চা বীজ বিতরণ করা হয়।
২০২৪-২৫ অর্থবছরের উপজেলা পরিষদের কৃষি কর্মসূচির আওতায় আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম, ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস, মো. জাহাঙ্গীর হোসেন, রেজাউল করিম, করুণা মণ্ডল, প্রকাশ রায়, মো. রবিউল ইসলাম, সায়রা বেগম, নূরুন নাহার প্রমুখ।
কৃষি কর্মকর্তারা জানান, ধৈঞ্চা বীজ প্রাকৃতিকভাবে জমির উর্বরতা বৃদ্ধি করে। এই বীজ বপনের মাধ্যমে কৃষকেরা জমিতে জৈব পদার্থ সরবরাহের সুযোগ পাবেন, যা আগাম ফসলের জন্য মাটি প্রস্তুতে সহায়ক হবে।