
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:
ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, খুলনার আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা শহীদ জোবায়ের আলী মিলনায়তনে “ডুমুরিয়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, ড. মোঃ কামরুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, এবং জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, খুলনা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাষীশ বিশ্বাস, শিক্ষক মুহাম্মাদ আইয়ুব হুসাইনসহ অন্যান্য শিক্ষাব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা জানান, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ছাড়া কোনো দেশ বা জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। শিক্ষকের আন্তরিকতা, সদিচ্ছা এবং সৃজনশীলতা শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা অর্জনে নির্ধারক। শিক্ষকরা শুধুমাত্র পাঠ্যবই পড়ানোই নয়, শিক্ষার্থীদের মূল্যবোধ, নৈতিক শিক্ষা, বিনয় ও ন্যায়ের পথে পরিচালিত করার দীক্ষাও দিতে হবে।
অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় এবং সক্রিয় অংশগ্রহণ শিক্ষার মান উন্নয়নে অপরিহার্য। শিক্ষকরা যেন প্রতিটি শিক্ষার্থীকে সমানভাবে দেখেন এবং শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে তাদের সৃজনশীলতা ও আত্মোপলব্ধি নিশ্চিত করেন, এ বিষয়ে অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষকদের আধুনিক শিক্ষাদান কৌশল, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মূল্যবোধ বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতার শিক্ষা, শিক্ষার্থীদের আত্মনির্ভরতা ও দায়িত্ববোধ বৃদ্ধি, এবং শিক্ষাক্ষেত্রে অভিভাবকদের সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখযোগ্যভাবে, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য এবং শিক্ষাঙ্গনেই শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপিত হয়।