
দূর্গাপুর (রাজশাহী) থেকে মমিন জাদরান রিপোর্ট
দুর্গাপুর উপজেলা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনবান্ধব রাষ্ট্র গঠনের পথ নির্দেশ করবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে আমরা এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করব।”
আওয়ামী লীগ সরকারের চলমান কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে নানা ষড়যন্ত্র ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। নির্বাচনের পদ্ধতি নিয়ে নানা পরিকল্পনা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন সুনিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “যারা নির্বাচন বিলম্বিত করার নীলনকশা আঁকছে, জনগণ তাদের প্রতিহত করবে। নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। তাই যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করতে হবে।”
সভায় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা একটি জনমুখী, শক্তিশালী ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে চাই। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনায় আমাদের এই লক্ষ্যে পৌঁছানোর রোডম্যাপ রয়েছে। তাই মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রার্থীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ঝালুকা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম। সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন — উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদল নেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, ঝালুকা ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনিসহ বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ নারী অংশগ্রহণকারীরা।