
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ সোমবার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। এদিন থেকে পর্যটক, জেলে, বাওয়ালি ও মৌয়ালরা আবারও বনভূমিতে প্রবেশ করতে পারবেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিবছরের মতোই মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রজনন মৌসুমে (১ জুন থেকে ৩১ আগস্ট) সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে জেলে, বাওয়ালি, মৌয়ালরা সংশ্লিষ্ট স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে প্রবেশ করতে পারবেন। একইসঙ্গে পর্যটকদের জন্যও উন্মুক্ত হচ্ছে বনের দুয়ার।
স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞার কারণে তিন মাস কর্মহীন অবস্থায় পরিবার চালাতে তাঁদের চরম কষ্ট পোহাতে হয়েছে। এখন ফের মাছ ধরা শুরু করতে তাঁরা প্রস্তুত। গাবুরা ট্রলার শ্রমিকদের সভাপতি কালাম মালী বলেন, পর্যটক চলাচল বন্ধ থাকায় প্রায় এক হাজার ট্রলারচালক ও শ্রমিক বেকার জীবন কাটিয়েছেন।
বন বিভাগের সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক বলেন, নিষেধাজ্ঞা শেষে আজ থেকে পাসপোর্ট (অনুমতি) দেওয়া শুরু হয়েছে। পর্যটকবাহী নৌযানগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রতিবছরের মতো এ বছরও বনের প্রাণ ও প্রকৃতি, বন্যপ্রাণী এবং নদী-খালের মাছের প্রজনন সুরক্ষায় তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এখন থেকে বনজীবী ও পর্যটকরা নিয়ম মেনে প্রবেশ করতে পারবেন।