
তেরখাদা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা। গত ২৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহূর্তের মধ্যে তার বসতঘর ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ঘরে থাকা গরু বিক্রির ৪ লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র, পোশাক-পরিচ্ছদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সবই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে তেরখাদা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
বর্তমানে জলিল মিনার হাতে নেই কোনো টাকা, নেই জমিজমা। শুধুমাত্র সামান্য ভিটেমাটি ছাড়া তার আর কোনো অবলম্বন নেই। হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। ক্ষুধার জ্বালা নিবারণে তারা এখন দ্বারে দ্বারে সাহায্যের জন্য ধর্ণা দিচ্ছেন। কোথায় থাকবেন, কিভাবে খাবেন কিংবা নতুন করে মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলবেন—এর উত্তর খুঁজে পাচ্ছেন না শতবর্ষপ্রায় এই বৃদ্ধ।
সহায় সম্বলহীন জলিল মিনা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাহায্যের জন্য আবেদন করছেন। এদিকে এ খবর পেয়ে তেরখাদা উপজেলার নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী ও কাটেঙ্গার কৃতি সন্তান আরিফ বিল্লাহ ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন।