
তেরখাদা (খুলনা), ২৮ জুন ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড ইউনিটসমূহের সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা মিলনায়তনে এই শিবির অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন এবং তৃণমূল নেতাকর্মীদের নৈতিক ও সাংগঠনিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
শিবিরে সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা শেখ মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার নায়েবে আমির ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
তিনি বলেন, “এই দেশের মানুষ কোরআনের আলোয় পরিচালিত একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার প্রত্যাশা করে। আমাদের দায়িত্ব হচ্ছে, সেই আদর্শ সমাজ বিনির্মাণে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়া।”
তিনি আরও বলেন, “শিক্ষা, আদর্শ, সংগঠন ও দাওয়াত—এই চারটি স্তম্ভের ভিত্তিতে আমাদের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য ও শূরা সদস্য অধ্যাপক স. ম. এনামুল হক। তিনি বলেন, “তৃণমূল স্তর থেকে আদর্শবান নেতৃত্ব তৈরির মাধ্যমেই পরিবর্তনের পথ সুগম হবে। এ জন্য প্রয়োজন শিক্ষা, চরিত্র ও কার্যকারিতার সমন্বয়।”
আরও বক্তব্য রাখেন খুলনা সদর থানা জামায়াতের আমির মো. হাফিজুর রহমান, তেরখাদা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী (তিনি অনুষ্ঠান সঞ্চালনাও করেন)।
শিবিরে উপস্থিত থেকে বক্তৃতা করেন জামায়াত নেতা মাস্টার আকতার ফারুক, ডা. মাহফুজুর রহমান, হাফেজ গোলাম রব্বানী, আজগড়া ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আব্দুর রকিব, বারাসাত ইউনিয়ন আমির মাওলানা ইবাদুর রহমান, ছাগলাদাহ ইউনিয়ন সভাপতি মাস্টার আহসান হাবিব লুনা, সাচিয়াদহ ইউনিয়ন সভাপতি মো. মিজানুর রহমান, তেরখাদা ইউনিয়ন আমির আব্দুস সামাদ লিটন এবং অন্যান্য নেতৃবৃন্দ—মো. মুজাহিদুল ইসলাম রাগিব, বুরহান মোল্যা, মো. মাসুদ সিকদার ও মো. সামসুল ইসলাম।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ইসলামী আন্দোলন। এখান থেকে শুধু রাজনীতিক নয়, বরং সমাজে দায়িত্ববান ও নীতিনিষ্ঠ নাগরিক তৈরি হচ্ছে।
শিক্ষা শিবিরে কর্মসূচির অংশ হিসেবে কোরআন-হাদীস ভিত্তিক দিকনির্দেশনামূলক আলোচনা, সাংগঠনিক পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল, এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ পর্যালোচনা উপস্থাপন করা হয়।