
তেরখাদা প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলায় অনুষ্ঠিত হলো ভূমি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন।
শনিবার, ২৫ মে সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন তেরখাদার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ তাহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
মেলায় ভূমির ডিজিটাল সেবা, ই-নামজারি, অনলাইন খতিয়ান যাচাইসহ বিভিন্ন অনলাইনভিত্তিক ভূমিসেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হচ্ছে।
মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিজিটাল ভূমিসেবাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।