
নিজস্ব প্রতিবেদক, তেরখাদা:
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা পারভেজ মল্লিক বুধবার (২৪ জুলাই) তেরখাদা উপজেলায় একাধিক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নেন। খুলনা-০৪ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন বাজার ও সড়কে সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচার চালান।
গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী, ইজিবাইক ও সিএনজি চালক, রিকশাচালক এবং দোকানিদের মাঝে মতবিনিময় করেন এবং তাঁদের হাতে বিএনপির লোগো সম্বলিত টি-শার্ট ও গেঞ্জি তুলে দেন। এতে সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
এই কর্মসূচিতে পারভেজ মল্লিকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, কে. এম. মোস্তাক আহমেদ, মো. রবিউল ইসলাম লাখু, মো. লালিম শেখ, মো. দেলবার হোসেন, মো. গোলজার আলম, সাবেক ছাত্রনেতা শেখ শরীফুল ইসলামসহ তেরখাদা উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পারভেজ মল্লিক বলেন, “খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ লাঘবে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতেই এই গণসংযোগ। জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।”
তাঁর এ গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি তেরখাদা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।