
তেরখাদা (খুলনা) প্রতিনিধি
খুলনার তেরখাদায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহমেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী ও সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। সভা সঞ্চালনা করেন থানার ওসি (তদন্ত) মো. কবির আহমেদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সমীর কুমার সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপ্লব কুমার সিকদার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর কুমার বালা, সৈকত দাস, প্রসেন বিশ্বাস এবং পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌর পদ বিশ্বাস।
এ ছাড়া পূজা মন্দির কমিটির সভাপতি সমীর কৃষ্ণ ঢালী, অভিজিৎ বিশ্বাস, সুজন কুমার বৌদ্ধ, নির্মল অধিকারী, মধুসূদন মজুমদার ঝড়ু ও পলাশ পালসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার বাবুল হাওলাদার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যেকোনো মূল্যে আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পুলিশ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে সমন্বয়, নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।