
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আগামী সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর স্বীকৃতি প্রদানসহ ৮ দফা দাবিতে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) খুলনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রি। এতে উপস্থিত ছিলেন সলিসিটর প্রসেনজিৎ দত্ত (সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন, খুলনা জেলা শাখা), জয়দেব দাস (সভাপতি, বটিয়াঘাটা উপজেলা শাখা), সমাপ্তি বাড়ৈ (সভাপতি, খুলনা মহানগর শাখা), পবিত্র মণ্ডল (হিসাবরক্ষণ কর্মকর্তা, নাগরিক উদ্যোগ), স্কুল শিক্ষক মিতু মণ্ডল, কার্তিক রামরাউত (হরিজন নেতা) প্রমুখ।
বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য দূর করতে জাতীয় সংসদে উত্থাপিত “বৈষম্য বিরোধী বিল-২০২২” অবিলম্বে পাশ করতে হবে। তারা আরও বলেন, সংবিধানে দলিত জনগোষ্ঠীর স্বীকৃতি না থাকায় তারা এখনও শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত।
দাবি: সংবিধানে দলিত জনগোষ্ঠীর স্বীকৃতি, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিতদের প্রতিনিধিত্ব, নিরাপত্তা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা, সরকারি-বেসরকারি চাকরিতে কোটা পুনর্বহাল, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি ও বরাদ্দ বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাজনৈতিক দলগুলোর কমিটিতে দলিতদের অন্তর্ভুক্তি এবং জাতীয় সংসদে দলিত নারীদের জন্য সংরক্ষিত আসনে অন্তত একজন নারী এমপি মনোনয়ন নিশ্চিত করা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যকর আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। অন্যথায়, ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।