
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের দুই সহোদর আজাদ হোসেন ও আনিসুর রহমান বিএনপির রাজনৈতিক দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করলেও বর্তমান সময়ে তারা মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্তাগড় গ্রামের জাফর আলীর ছেলে আজাদ হোসেন ও আনিসুর রহমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে বিভিন্ন সময় রাজনৈতিক মামলার আসামি হয়েছেন বলেও দাবি করেন তারা।
আজাদ হোসেন জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি শুক্তাগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাজাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। অপরদিকে আনিসুর রহমান যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন।
আজাদ হোসেনের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তার বিরুদ্ধে রাজাপুর থানা ভাঙচুর মামলা, পুলিশ হামলার অভিযোগ, উপজেলা নির্বাচনকেন্দ্রিক মামলা, দ্রুত বিচার আইনসহ বিভিন্ন রাজনৈতিক মামলা দেওয়া হয়। এছাড়া আনিসুর রহমানের বিরুদ্ধেও ২০১৪ সালের উপজেলা নির্বাচনকেন্দ্রিক মামলা ও রাজনৈতিক মামলার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
দুই সহোদর অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তারা একাধিকবার হামলার শিকার হয়েছেন। অসুস্থ বাবা-মাকে রেখে বছরের পর বছর আত্মগোপনে থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও তারা কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছেন না বলে তাদের দাবি। তারা বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করা হলে তৃণমূলের নেতাকর্মীরা আরও উৎসাহিত হবেন। ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, “রাজাপুরের শুক্তাগড় থেকে আজাদ ও তার ভাই আনিস ঝালকাঠিতে এসেও বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে অংশ নিতেন। তারা দলের জন্য সক্রিয় ছিলেন।”
NGS/MMH