
নিজস্ব প্রতিবেদক, খুলনা
দাকোপের লক্ষ্মীখোলায় কালীপূজা উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে স্থানীয় জি.টি. পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান পাপুল বলেন, “দাকোপের মানুষ ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন। এখানে হিন্দু–মুসলমান, সকল সম্প্রদায়ের মানুষ পরস্পরের আনন্দ-উৎসবে শরিক হন। এই পারস্পরিক সহাবস্থানই আমাদের সমাজের সৌন্দর্য।” তিনি আরও বলেন, “ধর্মীয় অনুষ্ঠানগুলো কেবল ধর্ম নয়, সামাজিক বন্ধন ও মানবিক মূল্যবোধকেও শক্তিশালী করে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বাবু মদন মোহন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শাকিল আহমেদ দিলু, জি.এম. রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাদুর পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামিম, দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী জাহাঙ্গীর আলম এবং চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সাদা প্রমুখ।
এর আগে জিয়াউর রহমান পাপুল চালনা অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপে দীপাবলীর আলো প্রজ্বলন ও শুভেচ্ছা বিনিময় করেন।