
শচীন্দ্রনাথ মণ্ডল, দাকোপ (খুলনা)
খুলনার দাকোপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টায় দাকোপ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সংগঠক রাহাত সরদার। তিনি অভিযোগ করেন, সম্প্রতি সংগঠনের নাম ব্যবহার করে খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সরোয়ার গাজি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) আব্দুস ছাত্তার শেখের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ছাত্তার বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা প্রদান করেন। একইভাবে, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. সন্তোষ কুমার মজুমদারের কাছেও ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি স্পষ্ট করেন, চাঁদা দাবির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃবৃন্দ জড়িত নয়। সংগঠনের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার দায়ভার সংগঠন বহন করবে না। যদি সংগঠনের কোনো নেতা এ ধরনের কাজে যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, সরোয়ার গাজির সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে প্রশাসনকে তা তদন্তের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইস্তিয়াক হোসাইন সিয়াম, পারভেজ গাজি, শ্রাবণ রায় ও দ্বীপ খান।
এ বিষয়ে সরোয়ার গাজির বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে (০১৯২৯০১৯২৫৫) একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।