
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: এস.এম. শামীম
খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আতিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, উপজেলা প:প:প:ডা:মাহাবুবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক এম. সাইফুর রহমান মিন্টু, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ এবং উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা। এছাড়া উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ, সড়ক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং আসন্ন দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আতিকুল ইসলাম বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, “দিঘলিয়ার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলায় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।”
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সভা শেষে একটি যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।