
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইডিপি)-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে খুলনার দিঘলিয়া উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী উপজেলার ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা। বিশেষ অতিথি ছিলেন সরকারি এম এ মজিদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল জব্বার এবং খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের এমন সম্মাননা তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে এবং প্রতিযোগিতামূলক শিক্ষা পরিবেশ তৈরি করবে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও খুলনা জেলা শিক্ষা অফিস।