
এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা)
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় দিঘলিয়ার হাজীগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আরাফাত রহমান কোকো স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, “এই গ্রামের মানুষের প্রতি বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ফুটবল খেলা এক প্রতিবাদের প্রতীক। যারা মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম ও অধ্যাপক মনিরুল হক বাবুল; দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক ও মোল্লা মনিরুজ্জামান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ৩নং হাজীগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি এস. এম. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শেখ।
ফাইনাল খেলায় হাজীগ্রাম নিউ স্টার একাদশ ও পানিগাতী গোল্ডেন একতা সংঘ ১-১ গোলে ড্র করে। পরবর্তী ট্রাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় হাজীগ্রাম নিউ স্টার একাদশ। খেলা দেখতে হাজীগ্রাম স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।