
শামীম দিঘলিয়া খুলনা
দিঘলিয়া উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিঘলিয়া উপজেলা শাখা।
রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, ‘এই মেধাবীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের সবার দায়িত্ব। ছাত্রদল সব সময় মেধাবীদের পাশে আছে।’
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্যসচিব মো. হিমেল গাজী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, কামরুজ্জামান টুকু, মোল্লা খাইরুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিকভাবে মেধাবীদের সম্মানিত করার এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে। শুধু পরীক্ষার ফল নয়, মানবিক মূল্যবোধ নিয়েও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।