
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ হারুন অর রশিদ (১৮৩৮৯)। রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
মোঃ হারুন অর রশিদ যশোর জেলার চৌগাছা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থল দিঘলিয়ায় যোগদানের পর তিনি উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অপরদিকে সদ্য বিদায়ী ইউএনও মোঃ আরিফুল ইসলাম বদলিজনিত কারণে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তাঁর বিদায়ের পর শূন্য থাকা পদে মোঃ হারুন অর রশিদ দায়িত্বভার গ্রহণ করেন।
যোগদানের দিন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও জনসেবামূলক মনোভাব দিঘলিয়াকে আরও গতিশীল, সেবামুখী ও উন্নয়নমুখী প্রশাসনের পথে এগিয়ে নেবে।