
নিজস্ব প্রতিবেদক
খুলনার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন মন্ডল জুট টেক্সটাইল মিলের কলোনিতে নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ বছর বয়সী শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘলিয়া থানা পুলিশ।
নিহত জিসান মন্ডল জুট মিলে কর্মরত আলমগীর হোসেনের ছেলে এবং কলোনি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর শিশু বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। স্থানীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ ও তল্লাশির পরও কোনো সন্ধান মেলেনি।
আজ (১১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন এক আলিশান বাড়ি থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বাড়িতে বসবাসকারী মোঃ আব্দুল হান্নান শেখ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার পুত্র ফয়সাল (২৫) কে খালিশপুর থানায় আটক করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী শিশু জিসানের লাশ উদ্ধার করা হয়।
মরদেহটি বাড়ির এক কোণায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। শিশুর দুই হাত পেছনে বাঁধা অবস্থায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেনি বলে পরিবার জানিয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমেছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।