
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকা থেকে পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে তার সহযোগীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে দিঘলিয়া ইউনিয়নের গোলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মো. নাসিম (৫৩)। তিনি দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা জেলা ও দিঘলিয়া উপজেলায় কয়েকজন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন নাসিম। এ সংক্রান্ত খবরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারেকের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।
তবে গ্রেফতারের পরপরই প্রায় ৩০-৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের উপস্থিতিতেই নাসিমকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ দুইজনকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আসামি নাসিমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”