
নিজস্ব প্রতিবেদক
খুলনার দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় আড়ংঘাটা বীফ ফ্যাটেনিং পিজি’র ৩৫ জন সদস্যের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চত্বরে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মামুনুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কিশোর আহমেদ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীফ ফ্যাটেনিং পিজি প্রকল্পের আওতায় ৩৫ জন সদস্যের মাঝে পানির পাম্প, ল্যাক্টোমিটার, ফ্লোর ম্যাটসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে একজন সুফলভোগীর মাঝে গবাদিপশু পালন সংক্রান্ত গৃহনির্মাণের জন্য সাইনবোর্ড, ঢালাই পিলার ও ঢেউটিন বিতরণ করা হয়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়ে এবং খামারিরা লাভবান হয়।