
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের উদ্যোগে ৬৩২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে খুলনার দিঘলিয়ায়। বুধবার, ৬ আগস্ট ২০২৫ সকালে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কোর্সে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক।
প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়ার সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা সহ-সভাপতি খান নজরুল ইসলাম, জেলা কমিশনার শেখ মোঃ ফরহাদ হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার মোঃ হুমাউন কবির বাবুল, দিঘলিয়া সহকারী শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ আফরোজা খাতুন ও কামরুন নাহার হাসিনা বানু, কাব লিডার আশিষ কুমার বাগচী, জেলা সহকারী কমিশনার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন এবং সরকারি কমিশনার মেহেদী হাসান।
স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে স্কাউটিং-এর মূলনীতি, উদ্দেশ্য, কার্যক্রম এবং প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট দল গঠনের কৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়।
প্রশিক্ষণার্থীরা তাদের অভিমত প্রকাশ করে বলেন, এই প্রশিক্ষণ বিদ্যালয়ে স্কাউট দল গঠনে কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম বিকাশে সহায়তা করবে। আয়োজকরা জানান, স্কাউটিং-এর মাধ্যমে শিশুদের মাঝে নৈতিকতা, শারীরিক সক্ষমতা ও সমাজসেবার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এই ধারাবাহিক উদ্যোগ। শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে স্কুলভিত্তিক স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।