
এস. এম. শামীম, দিঘলিয়া (খুলনা):
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের কিশোর সিয়াম (১৪) নিখোঁজের এক মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। সে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ শেখের ছেলে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার কথা বলে সিয়াম সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। এক মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকেই পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও কান্নার স্রোত। সিয়ামের মা সালেহা বেগম বলেন, “আমার ছেলেটা এক মাস ধরে নিখোঁজ। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আল্লাহ যেন আমার সিয়ামকে ফিরিয়ে দেন।”
পরিবার জানায়, নিখোঁজের পর থেকে তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছেন। স্থানীয়দের সহায়তায় লামিয়া (১৩) নামের এক কিশোরীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়, কারণ নিখোঁজের আগে সিয়াম ও লামিয়ার মধ্যে বন্ধুত্ব ছিল বলে জানা গেছে। তবে লামিয়ার নানা আবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা কোনো বিরোধ বা মারধরের কথা অস্বীকার করেছেন।
এ ঘটনায় সিয়ামের পরিবার দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। স্থানীয়রা মনে করছেন, পুলিশ যদি ঘটনাটি আরও গুরুত্বসহকারে তদন্ত করে, তাহলে হয়তো সিয়ামের খোঁজ পাওয়া সম্ভব হবে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দিঘলিয়া থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং নিখোঁজ সিয়ামকে উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।