
এস.এম. শামীম, দিঘলিয়া, খুলনা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজিজুল বারী হেলালকে প্রার্থী ঘোষণা করার পর দিঘলিয়ায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা বিএনপি।
মাহফিলে বিশেষ মোনাজাত করা হয় জাতির কল্যাণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। অনুষ্ঠান শুরুতেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা প্রার্থিতা ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন এবং দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কাছে আবারও বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজিজুল বারী হেলাল একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।”
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুন, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, মোল্লা খাইরুল ইসলাম, শরীফ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের এডভোকেট সেতারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক সমাবেশে বক্তব্য রাখেন। এতে স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শোকরানা ও দোয়া মাহফিল উৎসবমুখর পরিবেশে শেষ হয়, যেখানে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির প্রার্থিতা ঘোষণার পর উদ্দীপনা ও ঐক্যের প্রকাশ ঘটান।