
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই উপদেষ্টা পদত্যাগপত্র হস্তান্তর করলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁদের পদত্যাগ কার্যকর হবে জানানো হয়।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুই তরুণ উপদেষ্টার পদত্যাগ গ্রহণের সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “অভ্যুত্থানের সময় তোমরা যে সাহস, সততা ও নেতৃত্বের পরিচয় দিয়েছ—জাতি তা সর্বদা কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। আজকের এই পদত্যাগ কোনো সমাপ্তি নয়; বরং দেশের বৃহত্তর কল্যাণে নতুনভাবে অবদান রাখার রূপান্তর।”
প্রফেসর ইউনূস আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের কাজ ও দায়বদ্ধতাকে উচ্চ মর্যাদায় মূল্যায়ন করে। আগামী দিনগুলোতেও তোমরা গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রের অগ্রগতি এবং মানুষের অধিকার রক্ষায় একই নিষ্ঠায় কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
উপদেষ্টাদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রের সফলতা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, “সরকারে থেকে যে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছ, তা দেশের কল্যাণে ব্যবহার করতে হবে। তোমাদের দেশপ্রেম, শুদ্ধ রাজনীতি এবং মানবিক দায়িত্ববোধ ভবিষ্যতের বাংলাদেশ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
দেশের রাজনৈতিক জাগরণে বিশেষ ভূমিকা রাখা এই দুই উপদেষ্টার পদত্যাগকে সরকারের চলমান রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।