
কুয়েট প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফোরকান সাজিদ উদ্ভাবন করেছেন এক বিশেষ ড্রোন, যা প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) কুয়েট ক্যাম্পাসে তার এই উদ্ভাবন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।
ড্রোনটির মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে নদীবেষ্টিত চরাঞ্চল, পাহাড়ি এলাকা কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন অঞ্চলে ওষুধ, স্যালাইন বা অন্যান্য জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব। শুধু তাই নয়, ড্রোনটিতে যুক্ত রয়েছে রিয়েল-টাইম ব্লাড প্রেসার মাপার প্রযুক্তি, যা রোগীর স্বাস্থ্য তথ্য তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের কাছে পাঠাতে সক্ষম। এর ফলে চিকিৎসকরা দূর থেকে রোগীর অবস্থা বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে ফোরকান সাজিদ বলেন, “আমার স্বপ্ন হলো এমন একটি প্রযুক্তি তৈরি করা, যা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের দুর্গম এলাকার মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখবে। তবে প্রকল্পটি বাস্তবায়ন ও বড় পরিসরে বিস্তৃত করতে উপযুক্ত স্পন্সর ও প্রযুক্তিগত সহায়তা জরুরি।”
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, সময়োপযোগী আর্থিক সহায়তা ও উন্নয়ন নিশ্চিত করা গেলে এই ড্রোন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দেশে-বিদেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। মানবসেবা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি ফোরকান সাজিদের এই ড্রোন নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠবে—যেখানে উদ্ভাবন শুধুমাত্র মুনাফার জন্য নয়, বরং মানুষের জীবন রক্ষার জন্যও কাজে লাগানো যায়।