
নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি কোনো ষড়যন্ত্র করলে বিএনপি নেতাকর্মীরা তা প্রতিহত করবে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, যখনই কোনো পূজা আসে—দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা—তখনই কিছু চক্র প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে। কিন্তু ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি সর্বদা জনগণের পাশে থাকবে।” তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন পূজার সময় আপনাদের পাশে থাকতে। আপনাদের জানমাল রক্ষা করবে বিএনপি।”
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোরের আলাইপুর বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় দুলু এসব কথা বলেন।
সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।