
ঢাকা, ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার): কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেঞ্জার গ্যাং’-এর ১৬ জন সদস্যকে গ্রেফতার করেছে।

গতকাল (২ এপ্রিল) রাতে ধলেশ্বরী নদীতে একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে ১৪ জন গ্যাং সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ২ জন গ্যাং লিডারকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর টহল দল পলাতক অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।