
শেখ ফসিয়ার রহমান,নড়াইল
নড়াইল জেলার কালিয়া পৌর এলাকার বেন্দারচর গ্রামে ২৫ মে (রবিবার) দুপুর ১২টার দিকে এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নারী হলেন হাজী নুর মিয়া শেখের স্ত্রী হাজী হাজেরা বেগম (৭০)। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার পরপরই কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়ভাবে এ মৃত্যুকে ঘিরে নানা গুঞ্জন শোনা গেলেও নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুপুরবেলায় হাজেরা বেগম আম কাটছিলেন। এ সময় বয়সজনিত কারণে মাথা ঘুরে পড়ে গেলে ধারালো বটির ওপর পড়ে তার গলায় আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
তবে বিষয়টি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিশ্চিত করতে পুলিশ তাদের নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত চালিয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকায় শোক ও রহস্যজনক উত্তেজনা বিরাজ করছে।