
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী। মামলাটি দায়ের করেছেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে কালিয়া থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া মোড়ে রড ও সিমেন্টের দোকান খুলে ব্যবসা পরিচালনা করতেন। তিনি বিদেশে থাকার সময় দোকানটি পরিচালনার দায়িত্বে ছিলেন তার ছোট ভাই মো. লিকু শেখ। গত বছরের ১০ আগস্ট বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফসহ অভিযুক্তরা দোকানে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর চলতি বছরের ২ আগস্ট আবারও দোকানে এসে চাঁদার টাকা না পেয়ে লিকু শেখকে মারধর করে এবং দোকান থেকে রড, সিমেন্ট, নগদ অর্থ ও দোকানের সামনের তিনটি অব্যবহৃত ট্রলি নিয়ে যান। বাদীপক্ষ ক্ষতির পরিমাণ হিসেবে ১২ লাখ ২৪ হাজার টাকা উল্লেখ করেছেন।
মামলায় নাম উল্লেখ করে অভিযুক্তদের মধ্যে রয়েছেন—পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল ওরফে ধলু শেখ, মো. ইনামুল শেখ ওরফে কালু, মো. মিরাজ শেখ এবং মো. সাদ্দাম শেখ।
মামলার বিষয়ে অভিযুক্ত সেলিম রেজা ইউসুফ তার প্রতিক্রিয়ায় বলেন, “এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি বা আমার কোনো সহকর্মী এর সঙ্গে জড়িত নই।”
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্ত প্রক্রিয়া চলছে। অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”