
নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার কালিয়া উপজেলায় ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নড়াইল জেলা কমিটির সভাপতি এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি **জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে বিএনপি আজ ৪৭ বছরে পদার্পণ করছে। এটি কেবল একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং দেশের আপামর জনতার আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান যেমন একজন স্বাধীনতার ঘোষক ছিলেন, তেমন একজন সফল রাষ্ট্রনায়কও ছিলেন। তার নেতৃত্বে কৃষি বিপ্লব, শিল্পায়ন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। স্বল্প সময়ের মধ্যে তিনি দেশকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করান।”
বিশ্বাস জাহাঙ্গীর আলম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপোসহীন ভূমিকা অবিস্মরণীয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্বের সঙ্গে দেশের মানুষ অভ্যস্ত। গণতন্ত্রের জন্য তিনি বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ, তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করি।”
তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে বলেন, “তারেক রহমান দেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে যাচ্ছেন। সরকারের নিপীড়নের কারণে তিনি বর্তমানে নির্বাসিত জীবন যাপন করছেন, তবুও দূর থেকে দলের সুসংগঠন বজায় রাখতে নিরলসভাবে কাজ করছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। দলের সকল সদস্যকে তার প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়া উপজেলা দলীয় কার্যালয়ে সকাল ৭টায় দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।