
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
নড়াইলের কালিয়া-নড়াইল প্রধান সড়কের আমতলা (ফুলদাহ মোড়) এলাকায় ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে হাসিব মোল্লা (২১)। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা সাব্বির মোল্লার ছেলে।
২৬ জানুয়ারি (রবিবার) বিকাল ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে হাসিবের মাথার মগজ বেরিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাসিবকে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি কালিয়া থানা পুলিশ আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক চালক ও হেলপারের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছেন ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়রা।