
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চর শালিখা গ্রামে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পারভেজ শেখের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
সেনাবাহিনীর অভিযানে দেখা যায়, পারভেজ শেখ তার বাড়ির বিল্ডিং ঘরের একটি কক্ষে অসংখ্য বস্তায় অবৈধ পলিথিন মজুত রেখেছেন। উদ্ধারকৃত পলিথিনগুলো সেনাবাহিনীর সদস্যরা ধ্বংস করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ পলিথিন মজুত রাখার দায়ে পারভেজ শেখকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারভেজ শেখ অবৈধ পলিথিন বিক্রি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং নড়াইল সদরে বাড়ি নির্মাণ করেছেন। সেনাবাহিনী জানিয়েছে, পরিবেশবিরোধী এসব কার্যক্রম দমনে অভিযান অব্যাহত থাকবে।