
রাসেল মোল্লা, নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার ১২ নং বিছালি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গসংগঠন সেচ্ছাসেবক দলের ২০২৫ সালের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মির্জাপুর বাজারে আয়োজন করা এ কর্মীসভায় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল মোল্যার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব সৈয়দ মফিজ।
সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরিফুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মশিয়ার রহমান এবং সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে হবে এবং গ্রুপিং এড়িয়ে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে বিএনপির কার্যক্রম। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা উৎসবে সহযোগিতা করতে সকলকে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু বলেন, “সেচ্ছাসেবক দল রক্ত দিতে হলেও পিছপা হয় না। আমার উদাহরণ হচ্ছে এই বিছালি ইউনিয়নের আহ্বায়ক রুবেল। দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের অগণিত সেচ্ছাসেবক আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে জাগ্রত করুন। তখন আগামীর বাংলাদেশ হবে সুন্দর, সুশৃঙ্খল ও গনতান্ত্রিক, যেখানে বৈষম্য ও নিপীড়ন থাকবে না।”