
রাসেল মোল্লা, নড়াইল
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতি গ্রামে শুক্রবার (৯ মে) দিনব্যাপী অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা। গড়ার বিলের বিস্তীর্ণ প্রান্তরজুড়ে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় আয়োজনস্থল।
প্রতি বছরের মতো এবারও মধুরগাতি গ্রামবাসীর আয়োজনে আয়োজিত এ মেলা ও প্রতিযোগিতায় অংশ নিতে সকাল থেকেই নড়াইল ছাড়াও গোপালগঞ্জ, যশোর, মাগুরা, ফরিদপুর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ স্বজনদের নিয়ে ভিড় জমাতে থাকে।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মোট ৩০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক। অংশগ্রহণকারী প্রত্যেক ঘোড়াকেই দেওয়া হয় শান্তনা পুরস্কার।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাবলুর রহমান, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলি ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিছালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সান্টু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়া মোল্যা, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, “বাঙালির হাজার বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছর এমন আয়োজন করে আসছি। এর মাধ্যমে নতুন প্রজন্ম এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবে।”
দিনশেষে ঘোড়াদৌড়ের রোমাঞ্চকর প্রতিযোগিতার পর রাতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয়রা বলছেন, “এ আয়োজন শুধু বিনোদন নয়, বরং এটি গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক।”