
মোঃ রাসেল মোল্লা, নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাবু কিরন চন্দ্র পাল ও তার স্ত্রী অঞ্জলি রানী পাল-এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের সন্তান, জেলা মতুয়া মিশনের সাংগঠনিক সম্পাদক বাসুদেব পালের উদ্যোগে নিজ গৃহাঙ্গনে এ মহাউৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতুয়া হরসিত পাল এবং পরিচালনা করেন মতুয়া কুমারেশ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসিম কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মতুয়া মিশনের সদস্য মতুয়া রাম পাল, বিনোদ বিশ্বাস, কুমারেশ রায়, গয়ুর শীলসহ অন্যান্য মতুয়া নেতৃবৃন্দ।
আয়োজিত উৎসবকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে একাধিক মতুয়া দল মাতাম দিতে দিতে অংশ নেয়। ডংকার আওয়াজে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
ধর্মীয় আচার-অনুষ্ঠান ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মৃত আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। পুরো আয়োজন জুড়েই ছিল এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশ।