
উজ্জ্বল রায়, নড়াইল:
নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকায় আলোচিত ভ্যান চালক সুমন মোল্লা (১৫) হত্যা মামলার মূল আসামি শাহাদাৎ হোসেন (১৯) গ্রেপ্তার হয়েছেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২১ আগস্ট ২০২৫ খ্রিঃ ভিকটিম সুমন মোল্লা সকালে ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হন। বাড়িতে ফোন দিয়ে দুপুরে ভাত খাওয়ার কথা থাকলেও রাত পর্যন্ত বাড়িতে ফেরেননি। পরদিন ভিকটিমের ভ্যান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গোপালপুর বাজারে পাওয়া যায়। পরে ভিকটিমের মৃতদেহ লোহাগড়া থানাধীন কামঠানা সাকিনস্থ ওয়াফদা খালের পানির মধ্য থেকে উদ্ধার করা হয়।
ভিকটিমের মা সামেলা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় ছেলে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরী (নং-১০৫৮) দায়ের করেন। পরে পিবিআই, যশোর জেলা ইউনিট তদন্ত গ্রহণ করে। পুলিশ তদন্তে মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে, পুলিশ সুপার রেশমা শারমিন ও পিবিআই চৌকস দল নেতৃত্বে শাহাদাৎ হোসেনকে ২৭ আগস্ট রাত ১:৩৫ ঘটিকায় গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছেন যে, অর্থের প্রয়োজনের জন্য ভিকটিমকে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে নেওয়া এবং বিক্রির উদ্দেশ্যে গোপালগঞ্জে ফেলে দেয়ার পরিকল্পনা করেছিলেন। ভ্যানটি ব্যাটারির চার্জ শেষ হওয়ায় গোপালপুর বাজারে ফেলে পালিয়েছিলেন। ধৃত আসামী শাহাদাৎ হোসেনকে ২৭ আগস্ট ২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।