
মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এই আদেশ দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের আদালত থেকে নড়াইল কারাগারে স্থানান্তর করা হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে নড়াইল সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। প্রথম মামলাটি ১০ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ এবং দ্বিতীয় মামলাটি ১৯ সেপ্টেম্বর বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান দায়ের করেন।
এতে খোকন সাহাকে ২ নম্বর আসামি ও আঞ্জুমান আরাকে ২৬ নম্বর আসামি করা হয়। পরে গত ২৭ জানুয়ারি তারা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) জামিনের মেয়াদ শেষ হওয়ায় নড়াইল জেলা আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, আদালত প্রাঙ্গণে গাড়িতে ওঠানোর সময় মেয়র আঞ্জুমান আরা ও খোকন সাহা “জয় বাংলা” স্লোগান দিলে উত্তেজিত জনতা মেয়রের দিকে ডিম নিক্ষেপ করে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।