
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ: নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আকবার শেখ (৬৫) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। রোববার এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা সোমবার বিকেলে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় মনিরুল জমাদ্দার গ্রুপের সদস্য আকবার শেখকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, সংঘর্ষের পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।