
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১২ মার্চ) সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম শেখ চর শুকতাইল গ্রামের মো. হেকমত শেখের ছেলে এবং সৌদি প্রবাসী ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনসার জমাদ্দার গ্রুপের সাথে হেকমত শেখ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে গেলে, আনসার জমাদ্দার গ্রুপের ১৫-২০ জন লোক তাকে পিছন থেকে অতর্কিতভাবে হামলা করে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডাক্তার মো. ইব্রাহীম মোল্লা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আকরাম শেখের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে এবং হত্যায় জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।