
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তালেব শেখ ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে লস্কর বাড়ি ও শেখ বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সন্ধ্যায় সুইচগেট বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষরা একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে শেখ বাড়ির তালেব শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।