
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, নড়াইল জেলা কোর্ট পরিদর্শন করেছেন। শনিবার (১৯ জুলাই) দুপুরে তিনি নড়াইল সদর কোর্টে উপস্থিত হয়ে কোর্ট পুলিশের পক্ষ থেকে প্রদত্ত সালামি গ্রহণ করেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি কোর্টে রক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, মামলা সংশ্লিষ্ট তথ্য সিস্টেম সিডিএমএস (Court Data Management System)-এ ডেটা এন্ট্রি যাচাই করেন এবং মালখানা ঘুরে দেখেন। এছাড়া সদর কোর্টের বিভিন্ন শাখা সরেজমিনে ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন কোর্ট পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় কোর্ট পুলিশের পেশাদারিত্ব এবং রেকর্ড সংরক্ষণে সচেতনতা অত্যন্ত প্রশংসনীয়। আরও উন্নত সেবার লক্ষ্যে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সচেতনতা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।