
মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার চর-কালনা গ্রামে ইকরাম মোল্যা (৬৫) রোববার (২৪ আগস্ট) ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের অভিযোগ, তাকে কলস দিয়ে আঘাত করে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। নিহত ইকরাম ওই গ্রামের মৃত ইমান উদ্দিন মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট পুকুরে মাছ ধরা নিয়ে ইকরামের ছেলে আরিফুলকে মারধর করেন একই গ্রামের ওসমান মোল্যা। এদিন সন্ধ্যায় ইকরাম চায়ের দোকানে যাওয়ার পথে ওসমানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওসমান চায়ের দোকানে রাখা পানি ভরা কলসি দিয়ে ইকরামের শরীরে আঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ২৩ আগস্ট তার শারীরিক অবস্থা খারাপ হলে ফরিদপুরের বোয়ালমারী এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে চিকিৎসকের দেওয়া ডেথ সার্টিফিকেট অনুযায়ী ইকরাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। অভিযুক্ত ওসমান মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকের সার্টিফিকেট অনুযায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। তবে পরিবারের অভিযোগ থাকলে লাশ ময়নাতদন্তে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।