
মনির খান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
১৭ মার্চ ২০২৫, সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে এএসআই সালাম ও তার সহযোগী ফোর্স রেজাউল শেখের বাড়িতে কোনো অনুমতি ছাড়া প্রবেশ করে দুটি রুম ও গোয়ালঘর তল্লাশি চালায়। অভিযোগ অনুযায়ী, তারা ঘরের আসবাবপত্র এলোমেলো করে এবং ঘরে থাকা ৪ হাজার টাকা হাতিয়ে নেয়।
রেজাউল শেখ জানান, তার ছেলে আজাদ শেখকে অন্য একটি বাড়ি থেকে ধরে এনে তার বাড়িতে এনে তল্লাশি চালানো হয়, তবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, “কোনো অনুমতি ছাড়াই তারা আমার দুটি রুম ও গোয়ালঘরে ঢুকে ঘরের জিনিসপত্র নষ্ট করেছে, বসবাসের অনুপযোগী করে ফেলেছে।” এলাকাবাসীর দাবি, আজাদ শেখের কাছে কিছুই না পেয়ে ঘরের মধ্যেই তল্লাশি চালানো হয়, তবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।
রেজাউল শেখ ও তার স্ত্রী অভিযোগ করেন, কিছুদিন আগেও এই টিম তাদের বাড়িতে এসে একইভাবে তল্লাশি চালিয়ে শুধুমাত্র একটি মাটির কৌটো পায়, কিন্তু কোনো মাদকদ্রব্য না পাওয়ার পরও রেজাউল শেখকে ধরে নিয়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেদিন তাদের কাছ থেকে ২৫ হাজার টাকাও হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
আজাদ শেখের স্ত্রী আরিফা বেগম জানান, অভিযানে থাকা এক সদস্য তাকে কুপ্রস্তাব দিয়েছে। তবে অভিযুক্ত এএসআই সালাম ফোনে জানান, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।