
রাসেল মোল্লা, নড়াইল:
নড়াইল সদর উপজেলার আগদিয়া বিছালি দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছেন বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি মাদ্রাসার সহকারী সুপার আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও সুপার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাস, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মঞ্জুরা বেগম, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেছের আলি শেখ, স্থানীয় জামায়াত নেতা সাইদুর মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা।
এদিন ৬৪ জন ছাত্রীকে কালো রঙের বোরকা ও সাদা স্কার্ফ এবং ৫৮ জন ছাত্রকে আকাশি রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
৭ম শ্রেণির শিক্ষার্থী তন্নী জানায়, “আমাদের অনেক সহপাঠী আছে যাদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। রবি বিশ্বাসের এই উপহার পেয়ে আমরা খুবই খুশি। তিনি যেন আরও বেশি ভালো কাজ করতে পারেন, আমরা তার জন্য দোয়া করি।”
অন্য একজন শিক্ষার্থী, ওমর ফারুক, বলেন, “এই পোশাক আমাদের কাছে আনন্দের উৎস। রবি বিশ্বাস যেন সমাজের জন্য আরও বেশি কিছু করতে পারেন, আমরা তা চাই।”
শিক্ষার্থীদের অভিভাবকরা রবি বিশ্বাসের এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “রবি বিশ্বাস শুধু রাজনীতিবিদ নন, একজন মানবতার ফেরিওয়ালা। তিনি সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ান। তার মনের আশা যেন পূর্ণ হয়, আমরা তা কামনা করি।”
এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে রবি বিশ্বাসের জনসেবামূলক কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে এলাকাব্যাপী। স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ সমাজে উদাহরণ হয়ে থাকবে।