
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে হত্যা মামলায় হাজতীতে থাকা হুমায়ুন শেখ (৪২) নামে এক আসামি অসুস্থ হয়ে মারা গেছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।
সূত্রে জানা গেছে, হুমায়ুন শেখ ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন এবং গত দুই মাস ধরে নড়াইল জেলা কারাগারে ছিলেন। কারাগারে অবস্থানকালে তিনি গত চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম জানান, হুমায়ুন শেখ কয়েকদিন জ্বরে ভুগছিলেন এবং শুক্রবার রাতেই তার অবস্থা সংকটজনক হয়ে ওঠে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।