
মনির খান, স্টাফ রিপোর্টার
নড়াইল, ১০ জুন ২০২৫:
নড়াইল সদরে বেপরোয়া যান চলাচল, বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ বাহিনীর বিশেষ তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতির বাগান বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনী অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে কাজ করেন। বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি চালিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় একটি বাসের বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, নিয়মবহির্ভূত ও সন্দেহজনক চলাচলের কারণে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।
নড়াইল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “আটককৃত যানবাহনের কাগজপত্র যাচাই ও মালিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে জব্দাদেশ কার্যকর করা হতে পারে।”
বর্তমানে আটককৃত সব যানবাহন রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে সংরক্ষিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কিছু কিছু জব্দকৃত যানবাহন অসাধু চক্রের হাতে ব্যবহৃত হয়ে থাকতে পারে—যারা এগুলো অবৈধ কাজে ব্যবহার করে আসছে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরও তদন্ত চলছে।
পুলিশ ও যৌথ বাহিনীর কর্মকর্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রী ও যান চলাচলের চাপ কয়েকগুণ বেড়ে যায়। ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে।
নড়াইলবাসীর নিরাপত্তা নিশ্চিত ও সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করতেই এই ধরনের তৎপরতা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।