
স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা
নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক বি.এম. নাগিব হোসেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার এবং জনবহুল এলাকায় জনসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেল ৪টায় দক্ষিণ যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, রাজনৈতিক কর্মী, পেশাজীবী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

সভায় অধ্যাপক নাগিব হোসেন বলেন,“আমি যদি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আস্থা অর্জন করে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ পাই, তবে নড়াইল-১ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা-স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ প্রয়াস চালাব। আমি চাই এ অঞ্চলটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের মডেল হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “আমি রাজনীতিকে জনগণের সেবার মাধ্যম হিসেবে দেখি। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সমর্থন নিয়ে আগামীদিনে একটি জবাবদিহিমূলক, মানবিক ও উন্নয়ননির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
মতবিনিময় সভায় বক্তৃতা দেন স্থানীয়, প্রবীণ শিক্ষক, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, অধ্যাপক বি.এম. নাগিব হোসেন একজন শিক্ষিত, সৎ ও সমাজসচেতন ব্যক্তি। তার নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়নের একটি বাস্তব সুযোগ তৈরি হতে পারে। একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে সামনে এনে বিএনপি এ আসনে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে তারা মত প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন যুব সমাজ এবং বিভিন্ন পেশার সাধারণ মানুষ। তারা অধ্যাপক নাগিব হোসেনের দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তার প্রতি আস্থা ব্যক্ত করেন।
এ সময় অধ্যাপক হোসেন এলাকাবাসীর দুঃখ-দুর্দশা, রাস্তাঘাটের বেহাল দশা, চিকিৎসা সেবার ঘাটতি, বেকারত্বের সমস্যা এবং কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে কথা বলেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনী দায়িত্ব পেলে এসব সমস্যা দূরীকরণে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করবেন।
সফরের অংশ হিসেবে এর আগে তিনি বাগুডাঙ্গা, চাপাইল, পহরডাঙ্গা, শরসপুর এলাকায় গণসংযোগ করেন এবং স্থানীয়দের মতামত গ্রহণ করেন। তার এই ধারাবাহিক কার্যক্রমে তৃণমূলের জনগণের মাঝে ইতিবাচক সাড়া পড়েছে এবং নতুন আশার সঞ্চার হয়েছে।