
চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন চর জয়নগর এলাকার একাধিক মামলার আসামি এবং স্থানীয় ইউপি সদস্য (রানিং মেম্বার) মনি মিয়া শেখকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যাসহ অন্তত ১১টি মামলার আসামি বলে নড়াগাতি থানা সূত্রে জানা গেছে। এর মধ্যে দুটি নিয়মিত মামলায় (লুটপাট ও অগ্নিসংযোগ সংক্রান্ত) এজাহারভুক্ত এক নম্বর আসামি হিসেবে তার নাম রয়েছে।
গ্রেফতারকৃত মনি মিয়া শেখের পিতার নাম মৃত কালা মিয়া শেখ। তিনি চর জয়নগর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে ইউনিয়ন পরিষদের একজন কার্যরত সদস্য (রানিং মেম্বার)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রবিবার (১৬ জুন ২০২৫) রাত ১০টার দিকে নড়াগাতি থানার এসআই তারেক ও এএসআই মাহমুদের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
নড়াগাতি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, “গ্রেফতারকৃত মনি মিয়ার বিরুদ্ধে ১১টির বেশি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং মামলাগুলোর তদন্তে অগ্রগতি হচ্ছে।”
স্থানীয়ভাবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, এতদিনেও তাকে আইনের আওতায় না আনা দুঃখজনক হলেও অবশেষে পুলিশের সফল অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এদিকে, একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের গুরুতর অপরাধে জড়িত থাকায় জনমনে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।