
চৌধুরী জুয়েল রানা, স্টাফ রিপোর্টার
নড়াইল জেলার নড়াগাতী থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবর্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে নড়াগাতী থানা বিএনপি কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি লস্কর ফিরোজ আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল। এছাড়া স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে সংগঠিত করে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত করেছিলেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়ে তিনি ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় এই সংগঠন আজও দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সভাপতি লস্কর ফিরোজ আহমেদ বলেন, “স্বেচ্ছাসেবক দল মানেই ত্যাগ, স্বেচ্ছাসেবক দল মানেই সেবার মনোভাব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আমাদের কর্মীরা অতীতে যেমন ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও ঠিক তেমনি সাহসিকতার সঙ্গে মাঠে থাকবে।”
প্রধান বক্তা তৌফিক এলাহী রুবেল বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। স্বেচ্ছাসেবক দল গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে গঠিত হয়েছিল। আজ এই বিশেষ দিনে আমরা শপথ নিচ্ছি, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিতে পিছপা হব না।”
এছাড়া নেতৃবৃন্দ ঘোষণা করেন, নড়াগাতী থানার ৬ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগণের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। নড়াগাতী থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা এই কার্যক্রমে অংশ নেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।